মাগুরা শহরের পুরাতন বাজার স্বর্ণপট্টিতে বৈদ্যনাথ জুয়েলারি দোকান থেকে স্বর্ণ ও রুপার গহনা চুরির ঘটনায় মাগুরা সদর থানা পুলিশ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২২ ভরি ১০ আনা স্বর্ণ ও ২৯০ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মসিউদ্দৌলাহ রেজা।
গ্রেপ্তাররা হলো আবুল হাসান (৫২), মিন্টু শেখ (২৫), মোস্তফিজুর রহমান (৫০), ইয়াসিন (৫০), মেহেদী হাসান (৪৮) ও মিরাজুল ইসলাম (৪০)।
পুলিশ সুপার জানান, শহরের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, ডিজিটাল মাধ্যম ও বিভিন্ন উপায় অবলম্বন করে অভিযান শুরু করে সদর থানা পুলিশ। ২৪ ঘণ্টার ব্যবধানে মাগুরা, নড়াইল ও বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
