বগুড়ার করতোয়া নদীর স্রোত বাধাগ্রস্ত করায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘকে (টিএমএসএস) জরিমানা করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন। গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এনজিওটিকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে এর সিনিয়র সহকারী পরিচালক (ভূমি) নজিবুর রহমানকে তিন মাসের কারাদ- দেন ইউএনও।
জানা যায়, বগুড়া সদরের শাখারিয়া জঙ্গলপাড়া থেকে মমইন ইকোপার্কে মাটি পারাপার করার জন্য করতোয়া নদীর মধ্য দিয়ে কাঠের সাঁকো তৈরি করে কাজ করছিলেন টিএমএসএসের শ্রমিকরা। এতে নদীর মূল প্রবাহ বাধাগ্রস্ত হয়। গত শনিবার বিকেলে ওই এলাকায় টিএমএসএস করতোয়া নদীর জায়গা ভরাট করে রাস্তা নির্মাণ করছেÑ এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন।
ওই দিন তিনি নদী ভরাটের কাজ বন্ধ করে দেন এবং সতর্ক করেন। ওই সময় টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা মুচলেকা দেন যে ‘নদী ভরাট কাজের স্থান সার্ভেয়ার দিয়ে জরিপ করার পর নদীর বলে প্রতীয়মাণ হলে জরিমানা দেবেন।’ পরে করতোয়ার মূল প্রবাহ বাধাগ্রস্ত করার প্রমাণ পাওয়ায় গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন শাখারিয়া ইউনিয়নের জঙ্গলপাড়া এলাকায় অভিযান চালিয়ে এনজিও টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক (ভূমি) নজিবুর রহমানকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেন।
এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বলেন, এই রাস্তা তৈরি করেছে স্থানীয়রা। তাদের প্রয়োজনে, অস্থায়ী সড়ক। টিএমএসএস এই রাস্তা তৈরি করেনি।
