দিনাজপুরের বিরলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে পৌনে চার কোটি টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছোরা ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করে র্যাব।
আজ মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর শহরের পাক পাহাড়পুর এলাকার ফাহিমুর রহমান ফান্টু (২০), রামনগর এলাকার সোহেল রানা (২৫) ও শাহীন কবির (২২)।
আব্দুর রাজ্জাক খান জানান, দুপুর ১২টায় দিনাজপুর জেলার বিরল উপজেলার দামাইল ঝলঝলি পাড়ার ফাতেমা বেগমের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মত বাড়ির আঙ্গিনার মাটি খুঁজে ১ কেজি ৫০৭ গ্রাম হেরোইন, ৩টি ৩ ফুটের বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তবে মালামাল রক্ষণাবেক্ষণের মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। আসামিদের বিরল থানায় সোপর্দ করে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে ২ টি পৃথক মামলার প্রস্তুতি চলছে।
