১০০ কোটি খাবার প্যাকেট বিতরণ করবে দুবাই

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১১:১০ পিএম

রমজানে সারা বিশ্বে ১০০ কোটি খাবারের প্যাকেট বিতরণের উদ্যোগ নিয়েছে দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। গত ১৯ মার্চ এক টুইট বার্তায় এ কথা জানান মোহাম্মদ বিন রাশিদ।

টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘বার্ষিক রীতি অনুসারে এ বছরের পবিত্র রমজানে আমরা ১০০ কোটি খাবার দান করব। বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে একজন ক্ষুধার্ত। অভাবীকে সাহায্য করা আমাদের মানবিক, নৈতিক ও ইসলামি দায়িত্ব। বিশেষত রমজান মাস এ ধরনের কাজে উৎসাহ দেয়। প্রতি বছর ওয়াকফের মাধ্যমে টেকসই উপায়ে শতকোটি প্যাকেট খাবার সরবরাহ করাই আমাদের লক্ষ্য।’

গত বছর প্রথমবারের মতো ১০০ কোটি প্যাকেট খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে বিশ্বের ৫০টি দেশের দুস্থদের সাহায্য করা হয়।

২০২০ সালের রমজানে স্থানীয়দের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০ মিলিয়ন খাবার বিতরণ করা হয়। ২০২১ সালে চার মহাদেশে ১০০ মিলিয়ন প্যাকেট খাবার দেওয়া হয়। ২০২২ সালে ১০০ কোটি প্যাকেট খাবার বিশ্বের ৫০টি দেশে বিতরণ করা হয়।

  দৈনন্দিন ইসলাম ডেস্ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত