ক্রিমিয়া বন্দরে ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৪:৩৮ পিএম

মস্কো অধিভুক্ত ক্রিমিয়ার সিভাস্তোপুল বন্দরে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার নৌ বাহিনী। বুধবার (২২ মার্চ) ক্রিমিয়ার ক্রেমলিন সমর্থিত সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এখানেই দেশটির ‘ব্ল্যাক সি ফ্লিট’ রয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে অঞ্চলটিতে একের পর এক ড্রোন হামলা চালানো হচ্ছে।

সিভাস্তোপুলের রুশ সমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে বলেছেন, মোট তিনটি বস্তু ধ্বংস করা হয়েছে। নাবিকরা ছোট অস্ত্র দিয়ে ড্রোন প্রতিহত করেছে। এছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও কাজ করছিল। এ সময় ক্ষয়-ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

মিখাইল রাজভোজায়েভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রিমিয়া সফরের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ড্রোন হামলা চালানো হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত