হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রামে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের আরও সদস্য জীবিত রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা আড়াইটার দিকে মৃতদেহ দেখতে পাওয়া যায়। চুনারঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) লাশ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে । তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) লাশ বাড়ির ভেতরে ছিল। সজ্জুল হকের আরও তিন সন্তান জীবিত আছে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সজ্জুল মিয়া একজন দিনমজুর। ধারণা করা হচ্ছে অভাবের তাড়নায় স্ত্রী ও প্রতিবন্ধী শিশু সন্তান ইয়াছিনকে হত্যার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ তিনটির সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি ঘটনার স্হল পরিশর্দন করেছেন।
আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, ‘খবর পেয়ে আমি স্থানীয় মেম্বারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এখনই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না কীভাবে ঘটনাটি ঘটেছে।’
ইউপি মেম্বার আব্বাস উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমি ওই বাড়িতে ছুটে যাই। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে সে বিষয়ে কেউই কিছু বলতে পারছেন না।’
