চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১১:১৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ইউপি সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েলের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ইউনিয়নটির ১১ জন ইউপি সদস্য। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থাপত্র জমা দেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

ইউনিয়নটির ১ নম্বর প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য রিটু প্রধান বলেন, আমরাও ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু জনগণের প্রত্যাশার বিন্দুমাত্র পূরণ করতে পারিনি। লোকলজ্জায় মানুষের সামনে বের হতে পারি না। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিষয়টি সম্পর্কে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ইউপি সদস্যরা অনাস্থা দেবে এরকম কোনো কাজ আমি করিনি।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ অনাস্থাপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত