শেরপুরে কেজি দরে বিক্রি করা তরমুজ মোবাইল কোর্ট আসায় তা পিস হিসেবে বিক্রি করতে বাধ্য হয়েছেন বিক্রেতারা। গতকাল বৃহস্পতিবার রমজানকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং ফলের দোকানে অভিযান পরিচালনা করার সময় ক্রেতারা অভিযোগ করেন, দোকানিরা তরমুজের দাম ৪০ টাকা কেজি দরে বিক্রি করছে। এ সময় ফলের দোকানের সামনে গেলে দোকানিরা তরমুজ কেজি থেকে পিচ হিসেবে বিক্রি শুরু করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ জানান, সকাল থেকে সারাদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাদ্য তৈরি করায় কয়েকটি খাবারের দোকানকে জরিমানা করা হয়। পুরো রমজান মাসজুড়ে এ অভিযান চলবে। শেরপুর পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন।
