কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ওই ইউপির ১১ জন সদস্য (মেম্বার)। চেয়ারম্যান লিয়াকত আলী সরকারের দুর্নীতি, অনিয়ম তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন তারা।
গতকাল শুক্রবার বিকেলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা। এর আগে গত ২২ মার্চ অনাস্থা প্রস্তাবের আবেদন করেন ওই ইউনিয়নের সদস্যরা।
উপজেলার দলদলিয়া ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান ও সইবর বলেন, চেয়ারম্যান সাহেব যেকোনো মিটিংয়ে বসে প্রথমেই বলেন, ‘বাড়িতে সরিষার তেল দেওয়া লাঠি আছে। এভাবেই আমাদের প্রায়ই হুমকি দেন চেয়ারম্যান। আমরা ১১ সদস্য কোনো উপায় না পেয়ে অনাস্থা প্রস্তাব দিয়েছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, চেয়ারম্যান সাহেব রাজশাহী
কৃষি উন্নয়ন ব্যাংকের সুপারভাইজার ছিলেন। চাকরিকালে প্রায় সাড়ে তিন বছর দুর্নীতির দায়ে সাসপেন্ড ছিলেন। সারা জীবন জাসদের রাজনীতি করে নৌকার মনোনয়ন পেয়ে ভোট কেন্দ্র দখল করে চেয়ারম্যান হন। আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদও তার নেই।
এ বিষয়ে দলদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী সরকার বলেন, ‘তারা অভিযোগ করতেই পারে। দেখা যাক কী হয়।’
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
