জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রমের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিল্লি নিকোলাস। ৫০ বছর ধরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশ-কানাডার পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
শনিবার (২৫ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ‘বাংলাদেশে কমিউনিটি এবং বিট পুলিশিং পদ্ধতি ও কৌশল শক্তিশালীকরণের মাধ্যমে সন্ত্রাসবাদ এবং উগ্র চরমপন্থা প্রতিহত’ শীর্ষক প্রকল্পের সূচনা এবং সারসংক্ষেপ সভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং ইউনাইডেট ন্যাশন্স অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, সম্প্রতি বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসবাদের মতো ঘটনা কমে এসেছে। তবে পুলিশ আত্মতুষ্টিতে ভুগছে না। প্রধানমন্ত্রীর জঙ্গি-সন্ত্রাসবাদ সম্পর্কে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ ক্রমান্বয়ে চেষ্টা করে যাচ্ছে।
এটিইউ প্রধান ও অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি মার্কো টিজাইরা।
অনুষ্ঠানে প্রজেক্ট সম্পর্কে ব্রিফিং করেন ইউএনওডিসি, বাংলাদেশের অফিসার-ইন-চার্জ শাহ মোহাম্মদ নাহিয়ান।
