গণহত্যা স্মরণে সান্তাহারে ‘ব্ল্যাক আউট’ হয়নি

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১১:২৮ পিএম

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের গণহত্যার স্মরণে এক মিনিট অন্ধকারে ছিল পুরো দেশ। গত শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত আলো নিভিয়ে প্রতীকী এ ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়। তবে বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর শহরে ‘ব্ল্যাক আউট’ পালন হয়নি। সান্তাহারে নির্দিষ্ট সময়ে আলো নিভিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো লিমিটেডের বিরুদ্ধে।

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা বলেন, বাঙালির স্বাধীনতার আকাক্সক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এই গণহত্যার স্মরণে এক মিনিট দেশ অন্ধকারে থাকার কথা থাকলেও সান্তাহারে তা পালন না হওয়ায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে সান্তাহার নেসকোর নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক বলেন, ‘আমাদের কাছে ওপর থেকে কঠোরভাবে নির্দেশনা ছিল বিদ্যুৎ বন্ধ না করার। যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের মতো করে আলো নিভিয়ে ‘ব্ল্যাক আউট’ পালন করবে। আমরা বিদ্যুৎ বন্ধ করে দিলে যান্ত্রিক সমস্যা হতো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত