এমপির সামনে আ.লীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৩:১১ এএম

বরিশালের উজিরপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে সংসদ সদস্যের সামনে আওয়ামী লীগের এক সহসভাপতিকে পিটিয়েছেন আরেক সহসভাপতি। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উজিরপুর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। মারধরে আহত আওয়ামী লীগ নেতাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। নাম মো. ইদ্রিস সরদার (৪৫)। তাকে পিটিয়েছেন একই কমিটির সহসভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ওরফে ইকবাল। তারা দুজনই বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহ আলম তালুকদারের অনুসারী হিসেবে পরিচিত। দুজনই এই সংসদ সদস্যের সঙ্গে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন। এদিকে মারামারির এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা এবং ইউনিয়ন যুবলীগের এক নেতাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহত আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. শাহ আলম তালুকদার। সকাল সাড়ে ৯টার দিকে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে হাজির হন। তার সঙ্গে ছিলেন হাফিজুর রহমান ও ইদ্রিস সরদার। এ সময় হাফিজুর সংসদ সদস্যের সামনে ইদ্রিসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে ইদ্রিস তার প্রতিবাদ জানান। এরপর হাফিজুর তাকে সংসদ সদস্যের সামনেই মারধর শুরু করেন।

মারধরের শিকার ইদ্রিস অভিযোগ করে বলেন, ‘সংসদ সদস্যের সামনে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর আমাকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করে। আমি প্রতিবাদ করলে হাফিজ আমার ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডার কাজী রিয়াজ, পলাশ তালুকদার ও রুবেল হোসেনসহ ৭-৮ জন সন্ত্রাসী আমাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করে।’

তবে ইদ্রিসকে মারধরের ঘটনা তার এবং সংসদ সদস্যের সামনে ঘটেনি বলে দাবি করেন অভিযুক্ত হাফিজুর।

উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান গতকাল বিকেলে দেশ রূপান্তরকে বলেন, ‘উপজেলা পরিষদের মাঠে ফুল দেওয়ার পরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন, তারা বসে বিষয়টি মিটমাট করেছেন।’

দল থেকে ৩ নেতা বহিষ্কর : মারামারির এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান পলাশ, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিয়াজুল ইসলাম কাজী ও বামরাইল ইউনিয়ন যুবলীগের সদস্য জসিম উদ্দিন রুবেলকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল দুপুরে তাদের বহিষ্কারের বিষয়টি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারামারির ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্তে তাদের সাময়িকভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারী বলেন, ‘দল থেকে সাময়িকভাবে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহকে অবহিত করা হয়েছে। তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য শাহ আলম তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নেত্রকোনায় র‌্যালিতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৬০ : নেত্রকোনার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনে র‌্যালি নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার কাচারি মোড় থেকে ব্যানার নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহীদ বেদিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় নিজেদের অন্তত ৬০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপি নেতাদের। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের হামলায় পাঁচ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনার সময় বিএনপির চার কর্মীকে আটকের কথা জানানো হয়।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্গাপুরে বিএনপির স্বাধীনতা দিবসের র‌্যালিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেত্রকোনা পুলিশের দাবি, র‌্যালি নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করেন দুর্গাপুর বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। তখন তাদের বাধা দিলে সংঘর্ষে জড়ান। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরে বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়।

তবে বিএনপি নেতাদের দাবি, র‌্যালি নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার সময় ব্যানার নিতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের। একপর্যায়ে লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে নেতাকর্মীরা আহত হন।

বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ার কথা বললেও প্রকৃতপক্ষে ১৫-২০ রাউন্ড রাবার বুলেট ছোড়াসহ ঘটনাস্থল থেকে সাতজন নেতাকর্মীকে ধরে নিয়ে যায়।

উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘কাচারি মোড় এলাকা থেকে পুষ্পস্তবক অর্পণের জন্য শত শত নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে যাওয়ার প্রাক্কালে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশ তর্কবিতর্কে জড়িয়ে গিয়ে আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে। পরে আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। এছাড়া সেখান থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে ধরে নিয়ে যায়।’

দুর্গাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সম্রাট গণি দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশের সঙ্গে প্রথমে আমাদের ব্যানার নিয়ে টানাটানি ও কাগজ  ছোড়াছুড়ি হয়। পরে যুবদলের পক্ষ থেকে সেøাগান দিতে থাকে। একপর্যায়ে পুলিশ ১৫-২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। নিরস্ত্র অবস্থায় তখন আমরাও ঢিল দিই। মোবাইলে ভিডিও করার সময় আমাদের ৭-৮টি মোবাইল ছিনিয়ে নেয় পুলিশ। এছাড়াও মসজিদের ভেতরে নেতাকর্মীদের রাখা প্রায় তিনশ’ মোটরসাইকেলের খোঁজ নেই। কিন্তু পুলিশ বলছে, তারা ৩০-৪০টার মতো মোটরসাইকেল নিয়ে গেছে। আমার ডান হাঁটুতে বুলেট লেগেছে। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিশিরের মাথায় গুলি লাগাসহ ৫০-৬০ জন নেতাকর্মী আহত হন।’

তবে দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম উল্টো বিএনপি নেতাকর্মীরা আগে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপির লোকজন রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করেছে। ইট-পাটকেল মারাসহ ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।’

আর নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির লোকজন শহীদ মিনারে ফুল দিতে আসার সময় দুর্গাপুর পৌরসভার কাচারি মোড় এলাকায় পৌঁছার পরে পুলিশকে দেখে বিভিন্ন ধরনের সেøাগান ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পুলিশ গালিগালাজের কারণ জিজ্ঞেস করলে তখন বিএনপির নেতাকর্মীরা ঠেলা ধাক্কা দেওয়া শুরু করে ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের সতর্ক করে লাঠিচার্জ ও চার রাউন্ড ফায়ার করে এবং চারজনকে আটক করে।’

নিন্দা ও প্রতিবাদ ফখরুলের : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘স্বাধীনতার ৫২ বছর পরও বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশের ওপরই কেবল বাধা দেওয়া হচ্ছে না, বরং যেকোনো জাতীয় দিবসের অনুষ্ঠানের ওপরও ন্যক্কারজনক হামলা চালানো হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় কেবল আওয়ামী সন্ত্রাসীরাই নয়, আইনশৃঙ্খলা বাহিনীও এ ধরনের হামলায় পিছিয়ে নেই।’ গতকাল বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের র‌্যালিতে পুলিশের বাধা দিয়েছে, টিয়ারশেল, গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে ৬০ জনের অধিক নেতাকর্মী গুলিবিদ্ধ এবং ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত নেতাকর্মীরা গুরুতর আহতাবস্থায় বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা এ ধরনের পৈশাচিক ও ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘দেশে আইনের শাসন না থাকার কারণে সন্ত্রাসী কর্মকা-ের মাত্রা এখন আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। পুলিশ আইনের রক্ষক অথচ তারাই আইনভঙ্গের মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাচ্ছে।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে গ্রেপ্তার নেতাকর্মীদের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এছাড়া তিনি ‘পুলিশি গুলিবর্ষণে’ আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

প্রতিবেদনটি নিজস্ব প্রতিবেদক, বরিশাল প্রতিনিধি ও উজিরপুর সংবাদদাতার তথ্যে তৈরি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত