স্বাভাবিক মানুষ কোনো কিছুকে না দেখে ভয় করে না। কোলাহলে যদি কেউ বলে, বাঘ এসেছে বাঘ এসেছে। যতক্ষণ সে বাঘকে স্বচক্ষে দেখবে না, তার ভেতর ভয় কোনো কাজ করবে না। কারণ তার ধারণা, এই কোলাহলে বাঘ আসবে না। যদিও আসে মানুষ এদিক-ওদিক পালাতে থাকবে, ছোটাছুটি করবে।
কেউ পথ দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাস্তায় বাঘ এসে গেল, দেখামাত্রই সে ভয়ে পালাবে। অথবা কেউ কোনো খারাপ কাজে লিপ্ত আছে, পাশ দিয়ে উস্তাদ কিংবা কোনো গুণীজন যাচ্ছেন, দেখামাত্রই সে খারাপ কাজ থেকে বিরত থাকবে। ছোটশিশু ভুল পথে পা বাড়াচ্ছে, বাবা-মাকে দেখামাত্রই ভয়ে রুখে দাঁড়াবে। কিন্তু সবার অগোচরে এমন জায়গা যেখানে কেউ কাউকে দেখার সুযোগ নেই, সে জায়গায় নির্ভয়ে সে পাপকর্মে লিপ্ত হতে পারবে। তার ভেতর কোনো ভয় কাজ করবে না। কারণ সে কাউকে দেখছে না কিংবা তাকে কেউ দেখছে না। ফলে সে পাপকর্মে লিপ্ত হলে কেউ জানবে না, শাস্তির সম্মুখীনও হবে না।
রোজা আমাদের শিক্ষা দেয়, সবার অগোচরে থেকেও, আল্লাহকে স্বচক্ষে না দেখেও কীভাবে ভয় করা যায়। ভয়ে পাপকাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা যায়। মুমিনরা বিশ্বাস করেন, আল্লাহতায়ালা সর্বত্র বিরাজমান। আল্লাহ সবকিছু দেখেন, শুনেন, জানেন। আল্লাহ মুমিনের খালিক ও মালিক। তাই মুমিনরা গহিন জঙ্গলে কিংবা সাগরের অতল গহিনে থেকেও যথাসাধ্য নিজেকে পাপকর্ম থেকে বিরত রাখার চেষ্টা করেন।
একজন নিষ্ঠাবান রোজাদারের সামনে হরেকপদের খাবার ও ফলফলাদি রাখলেও সে হাত বাড়াবে না ভয়ে, যদি রোজার কথা তার স্মরণ থাকে। সাগরের অতল গহিনেও যদি থাকে, এক বিন্দু পরিমাণ পানি পান করবে না। সবার অগোচরে খারাপ কাজ করার তীব্র আকাক্সক্ষাও যদি হয়, নিজেকে গুটিয়ে রাখবে।
ইচ্ছা করলেই ঘরের কোণে সবার অগোচরে কিছু খেয়ে ফেলতে পারে। গোসল করতে গিয়ে একটু পানি পান করে ফেলতে পারে। দরজা-জানালা বন্ধ করে কোনো পাপকর্মে লিপ্ত হতে পারে। কিন্তু একজন মুখলেস (নিষ্ঠাবান) রোজাদার এমনটা কখনো করেন না। কারণ কেউ তাকে না দেখলেও এমন এক সত্তা আছেন, তিনি সবকিছু দেখছেন!
এটার নামই হলো- তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে আছে তাকে মুত্তাকি বলা হয়। রমজান মাসই হলো মূলত তাকওয়া অর্জনের মাস। আল্লাহতায়ালা ইরশাদ করেন, হে ইমানদাররা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। -সুরা বাকারা : ১৮৩
অন্য সময়ে মানুষ ‘আল্লাহ দেখছেন’ এই বিশ্বাস থাকা সত্ত্বেও খারাপ কাজে লিপ্ত হয়। কিন্তু রমজান মাসে এমনটা হয় না। কারণ রোজা সবসময় মানুষের মনে আল্লাহর ভয় জাগ্রত করে রাখে। তাই হাতের নাগালে খাবার পাওয়া সত্ত্বেও মুখে দেয় না। পানি পাওয়া সত্ত্বেও পান করে না। পাপকর্মের সুযোগ থাকা সত্ত্বেও পা বাড়ায় না।
যখন রমজানের দিনগুলো এভাবে কাটে, তখন তার একটা প্রশিক্ষণ হয়, কীভাবে আল্লাহকে না দেখেও ভয় করা যায়। যখন মন-মেজাজ, চিন্তা-চেতনায় এই বিষয়টা গেঁথে যাবে, গোনাহ করার পূর্বে সে দশবার চিন্তা করবে। রোজার এই শিক্ষা অটুট থাকুক আজীবন!
