ময়মনসিংহের ভালুকায় গতকাল সোমবার রমজানে স্কুল বন্ধের দাবিতে হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কুলের সামনে সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে।
খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপস্থিত হয়ে স্কুল বন্ধের ঘোষণা দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ম্যানেজিং কমিটির সদস্যরা আন্দোলনরত ২০-২৫ জন ছাত্র-ছাত্রীকে মারপিট করেছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন তালুকদার জানান, রাস্তা পরিষ্কার করার সময় মনে হয় শিক্ষার্থীরা আহত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছালমা খাতুন জানান, আহত শিক্ষার্থীরাসহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা এসেছিল। ম্যানেজিং কমিটিকে আগামীকাল (আজ মঙ্গলবার) অফিসে আসতে বলেছি।
