সালিশ বাণিজ্যের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে নাড়িভুড়ি বের করে নদীতে ভাসিয়ে দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির অডিও ভাইরালের পর ভুক্তভোগী গত রবিবার রাতে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। অভিযুক্ত গিয়াস উদ্দিন সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি। ভুক্তভোগী আবদুল করিম উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের আমেরিকাওয়ালা বাড়ির কামাল উদ্দিনের ছেলে।
করিম বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে আমার চাচার সঙ্গে মনোমালিন্য হয়েছে। এ ঘটনার সূত্র ধরে গিয়াস উদ্দিন টাকা খেয়ে একতরফা সালিশ করে আমাদের ওপর দোষ চাপিয়ে দেয়। আমি তার অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করলে তিনি আমাকে মারধরের চেষ্টা করে এবং নাড়িভুড়ি বের করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। প্রশাসনের প্রতি আমার জীবনের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে বিএনপি নেতা গিয়াস উদ্দিন প্রথমে অভিযোগ অস্বীকার করে করিমকে চোর বলে অবিহিত করেন। পরে হুমকি প্রদানের অডিও রয়েছে জানালে তিনি ফোন কেটে দেন।
সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে।’
