সৌদি সরকারের অর্থায়নে, সৌদি আরবের সরকার প্রধান খাদেমুল হারামাইন আশ শরিফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদের উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী, খেজুর ও কোরআন মাজিদ বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে প্রায় ৫০ হাজার রোজাদারকে ইফতার, ৪০ টন খেজুর ও এক লাখ কপি কোরআন শরিফ বিতরণ করা হবে।
গত শনিবার ঢাকাস্থ সৌদি দূতাবাসের ধর্মীয় বিভাগ কর্র্তৃক বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ ও টেলিভিশন আলোচকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত রিলিজিয়াস এটাচে মোবারক বিন আমেক আল-আনাযি, সৌদি মিলিটারি এটাচে ব্রিগেডিয়ার মুনিফ আল-হারবী, ধর্মমন্ত্রীর একান্ত সচিব সাদেকুর রহমানসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বরেণ্য শিক্ষাবিদরা। অনুষ্ঠানে দেশের ৩৫ অঞ্চলে ইফতার, ৪০ টন খেজুর বিতরণ ও ১ লাখ কপি কোরআন শরিফ বিতরণ প্রোগ্রাম-২০২৩ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সৌদি সরকারের বাদশাহ ফাহাদ কুরআন শরিফ প্রিন্টিং কমপ্লেক্স কর্র্তৃক মুদ্রিত কোরআন শরিফ ও বঙ্গানুবাদ বিতরণ করা হয়।
মোস্তাকিম বিল্লাহ
