মোংলার সুন্দরবনের ডলফিন অভয়ারণ্যে মাছ ধরতে বাধা দেয়ায় বনবিভাগের ৭ কর্মকর্তা-কর্মচারীকে মারপিট করে আহত করেছেন জেলেরা।
এ সময় এক জেলেকে আটক করেছেন বনবিভাগ। এ ঘটনায় বনবিভাগের পিওআর (প্রসিকিউশন ওপেন রিপোর্ট) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বুধবার বিকেলে তিনিসহ ৭ জন স্টাফ স্পিড বোট নিয়ে মোংলার পশুর নদীর নন্দবালা, শ্যালা নদী ও আন্ধারমানিক এলাকায় টহলে যান। তখন কিছু জেলে নিষিদ্ধ ডলফিন অভয়ারণ্যে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছিলো।
অভয়ারণ্যে ওই সকল জেলেদের মাছ ধরতে বাধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে বনবিভাগের অভিযানকারীদের উপর হামলা চালায়। জেলেদের নৌকায় থাকা দা, লাঠি ও বৈঠা দিয়ে অভিযানকারীদের উপর হামলা চালালে তাতে আহত হন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান, স্টেশন অফিসার খলিলুর রহমান, বোটম্যান শেখ মোতালেব হোসেন, মোঃ তুহিন, সুলতান মাহমুদ টিপু, সেলিম সরদার ও স্পিড বোট ড্রাইভার মনজু রাজা। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
হামলাকারী জেলেরা হলেন, নয়ন খা, শয়ন খা, আমিরুল খা, এনামুল, লিটন, আল মামুন, রিয়াজুল খা, মারুফ খা, তিতুমীর খা ও শহীদ। এ সময় হামলাকারীদের সাথে অজ্ঞাত আরো ২০/২২ জন জেলে ছিলেন। এ সকল জেলেদের বাড়ী মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায়।
হামলাকারীদের নেতৃত্বে থাকা মাসুম বিল্লাহকে রাতে আটক করেছে বনবিভাগ। বাকিদের আটক করতে বন বিভাগের অভিযান চলছে। এদিকে এ ঘটনায় শনাক্ত হওয়া জেলেসহ অজ্ঞাতনামা আরো ২২জনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান।
