আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের মারামারি, ৬ ছাত্রলীগকর্মী আহত

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০১:১১ পিএম

বরিশালে আধিপত্য বিস্তার নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত ছাত্রলীগের ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কবি জীবনানন্দ দাশ সড়কের মল্লিকা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি বরিশাল কলেজে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার কলেজে ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে একদল লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

আহতর হলেন- এসএম রেশাদ, মারুফ, সোহান, অনিক ও খালিদ। গুরুতর আহত রেশাদ ও মারুফকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রেশাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

ছাত্রলীগ কর্মীরা জানান, রফিকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরেই কলেজ ছাত্রলীগের কার্যক্রমে বাধা দিয়ে আসছে। এরই জেরে টিপুর অনুসারীরা ছাত্রলীগের ওপর হামলা চালায়। এসময় ২ জনকে কুপিয়ে জখম করেছে এবং আরও ৪ জনকে পিটিয়ে আহত করেছে।

এ বিষয়ে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপু বলেন, শুনেছি একটি কিশোর গ্যাং গ্রুপের সঙ্গে ছাত্রলীগের অপর একটি গ্রুপের মারামারি হয়েছে। এই ঘটনায় প্রভাবশালীরা আমার নাম জড়াচ্ছে। আমি কিছুই জানি না।

কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে জাহিদুল ইসলাম রাফি নামে একজনকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত