গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৩:০৯ পিএম

গাজীপুরে বিদেশি পিস্তলসহ জাহিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) বিকালে মহানগরীর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল ও ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম গাজীপুর মহানগরীর সারদাগঞ্জ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রেজওয়ান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার দেহ তল্লাশিকালে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে তার বসত ঘরে তল্লাশি করে চাইনিজ কুড়াল ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায় নগরীর দক্ষিণপাড়া বারেন্ডা এলাকার মৃত লাবিব মোল্লার ছেলে মো. আব্দুল আজিজ মোল্লার কাছ থেকে ফেনসিডিল কিনেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত