টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর জরিনা আক্তারকে হত্যার ঘটনায় ইউপি সদস্য রুহুল আমীনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার মধ্যরাতে উপজেলার সুরীরচালা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। রুহুল আমীন উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
এর আগে শনিবার রাতে গৃহবধূ জরিনা আক্তারের মেয়ে স্বপ্না বাদী হয়ে ইউপি সদস্য রুহুল আমীনসহ সাতজনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে দেবর সালাম মিয়ার সঙ্গে ভাবি জরিনার তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে সালাম মিয়া লাঠি দিয়ে জরিনার মাথায় আঘাত করলে তিনি আহত হন।
গত শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার উত্তরার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। জরিনা উপজেলার সুরীরচালা গ্রামের প্রবাসী সাহেব আলীর স্ত্রী।
নিহতের মেয়ে স্বপ্না বলেন, ‘ছোট্ট একটি ঘটনায় সবাই মিলে আমার মাকে খুন করেছে। ওরা আমার মাকে বাঁচতে দিল না। আমি মা হত্যা বিচার চাই।’
তিনি অভিযোগ করেন, ইউপি সদস্য রুহুল আমীন তার (স্বপ্না) মাকে হত্যার ইন্ধনদাতা।
সখীপুর থানার ওসি রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, গৃহবধূ হত্যা মামলায় রুহুল আমীন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
