লালমনি বুফে ইফতার বুথ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১১:১০ পিএম

সাহসী ও উদ্যমী একদল তরুণ গড়ে তুলেছেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম ছড়িয়ে পড়েছে। স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ইফতার আয়োজনের খবর জানাচ্ছেন আহমদ মানিক

খাবারভর্তি টেবিল বুফে স্টাইলে রাখা। টেবিলে ছোলা-মুড়ি, বিরিয়ানি ও পাশে শরবত রাখা। সারিবদ্ধভাবে একজন একজন করে অতিথি এসে নিজেরাই নিজেদের খাবার ইচ্ছামাফিক গ্রহণ করছেন। খাবার গ্রহণকারী অতিথিরা হচ্ছেন রোজাদার রিকশাওয়ালা, নিম্নআয়ের মানুষ, ফুটপাতে আশ্রয় নেওয়া ভবঘুরে, এতিম, অসহায় ও পথশিশু। ইফতারের সময় তাদের জন্য এমন ভিন্ন আয়োজন করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখা। ‘লালমনি বুফে ইফতার বুথ’ নামের এমন ইফতার আয়োজন মানুষের নজর কেড়েছে।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত এমন ইফতারের আয়োজন করে থাকে। তবে ‘লালমনি বুফে ইফতার বুথ’ থেকে প্রতিদিন শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়।

লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠ এলাকায় সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৫টার থেকে সড়কের দুদিকে দীর্ঘ লাইন। সবাই অপেক্ষা করছেন। ইফতারের সময় একজন করে এসে সুশৃঙ্খলভাবে ইচ্ছামতো খাবার নিয়ে যাচ্ছেন। লালমনিরহাট সদর এলাকার বাসিন্দারা জানান, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মতো কাজ করলে সমাজের চিত্র পরিবর্তন ঘটবে।

নিম্নআয়ের শাহেদা বেগম দেশ রূপান্তরকে বলেন, ‘মোর ব্যাটা কাম করে ভালো কামাই নাই। মুই রোজা শুনছিনু এইটে খাবার দেয়, এই জন্মে এইটে খাবার নিতে আসছু।’

ধনী-দরিদ্র বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কামাল হোসেন, দেশ রূপান্তরকে বলেন, ধনী-দরিদ্র বৈষম্য কমিয়ে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে সবার সাপোর্ট চাই। আমরা স্বপ্ন দেখি, দেশে কোনো মানুষ অভুক্ত থাকবে না, নিরক্ষর থাকবে না, ফুটপাতে অনাহারে-অনাদরে পড়ে থাকবে না, আগামী প্রজন্মের জন্য সুন্দর আগামী উপহার দিতে চাই।’

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন গত ১ এপ্রিল আট বছরে পা দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে ১ এপ্রিল চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে কাজ শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত