কাপাসিয়ায় রাস্তা কেটে খালের পাড় বাঁধাই

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১১:৪৯ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ভিকারটেক গ্রামে দরদিয়া খালের দুই পাশে দুটি রাস্তা কেটে পাড় বাঁধাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। কোনো কোনো স্থানে খালের মাটি কেটে ফেলা হচ্ছে ধানক্ষেতে। রাস্তা দুটি কেটে ফেলায় কয়েকটি গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া নিয়ম অনুযায়ী খাল খনন করা হচ্ছে না বলেও অভিযোগ এলাকাবাসীর।

গত ১ এপ্রিল সরেজমিনে ঘুরে রাস্তা কেটে পাড় বাঁধাইয়ের সত্যতা পাওয়া গেছে। সেখানে দেখা যায়, একটি এক্সকেভেটর মেশিন দিয়ে খাল খনন করা হচ্ছে। খালের দুই পাশে ১০ ফুট প্রশস্ত দুটি রাস্তা কেটে মাটিগুলো খালের দুই পাড় বাঁধাই করা হচ্ছে। কিছু জায়গায় খাল খনন করা হয়েছে নামমাত্র। কয়েকটি অংশে খাল খননের মাটি ফেলা হয়েছে পার্শ্ববর্তী ধানক্ষেতে। এতে আধাপাকা ধান মাটিচাপা পড়েছে।

খালপাড়ের কাঁচা এই সড়ক দুটি দিয়ে স্থানীয় বিকারটেক, ছেলদিয়া, কুশদি, বরজাপুর, পাচুয়া ও বারিষাব গ্রামের হাজার হাজার মানুষ যুগ যুগ ধরে চলাচল করে আসছিলেন।

ভিকারটেক গ্রামের মো. মাইনউদ্দিন বলেন, হাজার হাজার মানুষের চলাচলের সড়কটি এভাবে নিশ্চিহ্ন করে ফেলা হলো। ক্ষেতে মাটি ফেলে আধাপাকা ধানগাছ নষ্ট করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। মো. মোরশেদ আলম নামের এক বাসিন্দা বলেন, খালের বেশিরভাগ জায়গাজুড়ে খনন না করে শুধু পাড় বাঁধাই করা হচ্ছে। রাস্তার মাটি কেটে পাড়ে এনে দেওয়া হচ্ছে। এভাবে খাল কাটলে কৃষকের কোনো উপকার হবে না। বরং মাঝখান দিয়ে আমরা আমাদের রাস্তা হারালাম। একই গ্রামের মো. রোকন মিয়া বলেন, ঠিকাদারের লোকজন নামমাত্র খাল খনন করছে। তারা শুধু পাড় বাঁধাই করে দ্রুত কাজ শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

খাল খননের কাজ করছে মেসার্স বি ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা সেখানে ১২০০ মিটার অংশজুড়ে খননের কাজ চালাচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় এই খাল খনন করা হচ্ছে।

খাল খননের কাজে নিয়োজিত মেসার্স বি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বাদল বলেন, ‘এক্সকেভেটর দিয়ে খালের তলানির মাটি কাটার স্বার্থে রাস্তা কেটে নিচু করতে হয়েছে। আমরা রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যাব।’ খাল খননে অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কৃষি উন্নয়ন করপোরেশনের নির্দেশনা অনুযায়ী নিয়ম মেনে খাল খনন ও পাড় বাঁধাই করা হচ্ছে। এখানে কোনো অনিয়ম করা হচ্ছে না। খাল খনন করলে কৃষিজমিতে মাটি ফেলতেই হবে। এর বিকল্প নেই। মাটিগুলো ওই কৃষক তার নিজের জমিতে ব্যবহার করতে পারেন, কিংবা তিনি চাইলে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারেন।’

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান জানান, স্থানীয় লোকজন ফোন করে তাকে সড়ক ও ফসল নষ্ট করার বিষয়ে জানিয়েছেন। বিষয়টি তিনি বিএডিসি কর্তৃপক্ষকে অবহিত করবেন।

বিএডিসি গাজীপুরের নির্বাহী প্রকৌশলী কাজী ফারুক হোসেন বলেন, সড়ক কাটার বিষয়ে তিনি দ্রুত খোঁজ নেবেন। আর খাল খননে অনিয়ম হলে ঠিকাদার বিল পাবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত