উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিমটেক্স ইন্ডাস্ট্রিজে সম্প্রতি পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তবে উদ্যোক্তাপক্ষ এসইসির এমন সিদ্ধান্ত মানতে না পেরে উচ্চ আদালতের আশ্রয় নিয়েছে। তাদের আবেদনে সাড়া দিয়ে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগে ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। সিমটেক্সের বর্তমান চেয়ারম্যানের করা মামলায় গত ২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি মাহামুদুল হক ও বিচারপতি মাহামুদ হাসান তালুকদারের সমন্বয়ে বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। এ নিয়োগের পেছনে কমিশনকে ভুল বোঝানো হয়েছিল বলে কোম্পানিটির পক্ষ থেকে দাবি করা হয়।
গত ২২ মার্চ এসইসি সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বর্তমান পর্ষদে থাকা দুই স্বতন্ত্র পরিচালক ও এক মনোনীত পরিচালকের পরিবর্তে কোম্পানির চেয়ারম্যানসহ পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। এসইসির স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়টি চ্যালেঞ্জ করে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান গত ২৭ মার্চ উচ্চ আদালতে রিট করেন।
এর আগে গত বছর ১৭ আগস্ট অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিতে নানা অনিয়মের কারণে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আনিসুর রহমানকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে স্বতন্ত্র পরিচালক মেজর জেনারেল (অব.) মো. সরোয়ার হোসেনের নাম নতুন চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করা হয় এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সম্পন্ন হয়। এরপর থেকে আনিসুর রহমানের সঙ্গে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের দ্বন্দ্ব দেখা দেয়। পরে মামলা-পাল্টা মামলার ঘটনাও ঘটে।॥
