ময়মনসিংহের নান্দাইলে গতকাল বৃহস্পতিবার খালে দেওয়া একটি অবৈধ বাঁধ কেটে পানি অপসারণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ। একই সময়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খাল ভরাটকারী জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দ-প্রাপ্ত জাকির সিংরইল ইউনিয়নের নামাকুচুরি গ্রামের মান্নাছ আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাকির হোসেন তার বাড়ির পাশ দিয়ে বহমান খালটি ভরাট করে বাগান তৈরি করেন। ফলে বোরো জমিতে অতিরিক্ত পানি জমে শতাধিক একর জমির ফসল তলিয়ে যাচ্ছিল। এ খবর পেয়ে গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এ সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি খাল কেটে পানি অপসারণ করার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত জরিমানার টাকা আদায় না করলে অতিরিক্ত আরও পাঁচ দিন বিনাশ্রম জেল খাটতে হবে।
