কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস শ্রমিকদের বিবাদমান দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনাগামী সব যাত্রীবাহী পরিবহন চলাচলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটের ফলে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে কোনো বাস চলাচল করছে না। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
কুষ্টিয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মাহবুল আলম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ঝিনাইদহ বাস মালিক-শ্রমিকরা আমাদের শ্রমিকদের মারধর করে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার বাস ফিরিয়ে দেয়। এর সমাধানে একাধিকবার তাদের সঙ্গে আলোচনায় বসেও সুরাহা হয়নি। অবশেষে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক-শ্রমিকের যৌথ সিদ্ধান্তে পরিবহন বন্ধ রয়েছে। আগামী ৯ তারিখের মধ্যে এর কোনো সুরাহা না হলে সব রুটে পরিবহন বন্ধ করা হবে।’
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন, ‘ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই দুপক্ষের মধ্যে বিরোধ।’
কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি একটা সুরাহার পথ বের হবে।’
