১১৬৫ পরিবার ভিজিডির চাল পাচ্ছে না তিন মাস

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:১৩ এএম

ময়মনসিংহের গৌরীপুরে গত তিন মাস ধরে ভিজিডির চাল পাচ্ছেন না ১ হাজার ১৬৫টি পরিবার। উপজেলার চারটি ইউনিয়নের এসব দুস্থ ও অসহায় সুবিধাভোগী নারীরা চাল না পেয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও চেয়ারম্যানদের সমন্বয়হীনতা ও অবহেলার জন্য তিন মাস ধরে চাল না পাওয়ায় সুবিধাভোগীদের মাঝে ক্ষোভের তৈরি হয়েছে।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দুস্থ ও অসহায় নারীদের স্থায়ী উন্নয়নের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট-ভিডব্লিউবির (পূর্বের ভিজিডি কর্মসূচি) আওতায় সুবিধাভোগীদের প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ২০২২-২৩ অর্থ বছরে ছয়টি ইউনিয়নে নতুন কার্ড ও চাল বিতরণ করা হলেও বাকি চারটি ইউনিয়নে গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের কার্ড বিতরণ করা হলেও চাল বিতরণ করা হয়নি। এর মধ্যে উপজেলার সহনাটি ইউনিয়নের ৩১৮, অচিন্তপুর ইউনিয়নের ২৯০, মাওহা ইউনিয়নের ২৬৯ ও মইলাকান্ধা ইউনিয়নের ২৮৮ জন সুবিধাভোগী তিন মাস ধরে চাল পাননি। এসব নারীরা গত তিন মাস ধরে দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অসহায়ত্বের বিষয়টি জানা সত্ত্বেও প্রশাসনের অবহেলার কারণে চাল বিতরণ না হওয়ায় সুবিধাভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সুবিধাভোগী বলেন, ‘এখনো আমাদের মাঝে কার্ড বিতরণ চলছে। তিন মাস পার হলেও আমরা আমাদের প্রাপ্যটুকু পাইনা। কখন পাব জানি না। এখন আমাদের চালের সংকট ছিল, কয়েক দিন পর ঈদের ভিজিএফ দেবে, নতুন ধান কাটা হবে তখন আমাদের চালের কি প্রয়োজন। এখন যদি অভাবের দিনে চালগুলো পাইতাম, তাহলে চাল কিনে খাওয়া লাগত না।’

এ বিষয়ে গৌরীপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া বলেন, ‘অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজ (রবিবার) তিন মাসের চাল উত্তোলন করে পরিষদে নিয়ে গেছে। অন্য ইউনিয়নের কোনো চেয়ারম্যান গুদাম থেকে চাল নিতে আসেনি।’

এ বিষয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন বলেন, ‘চেয়ারম্যান সাহেবদের কাছে যদি কার্ড দিয়ে দিতাম তাহলে অনেক আগেই চাল বিতরণ হয়ে যেত। কিন্তু প্রত্যেক ইউনিয়নে আমি নিজে উপস্থিত থেকে আইডি কার্ড দেখে সঠিক ব্যক্তিদের মাঝে বিতরণ করতে একটু দেরি হচ্ছে। আগামীকাল (সোমবার) অচিন্তপুর চাল বিতরণ করা হবে, আগামী বৃহস্পতিবার বিতরণ করা হবে মাওহা ইউনিয়নে। সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ঢাকা গেছে, কথা হয়েছে এসেই বিতরণের তারিখ দেওয়া হবে। মইলাকান্ধা কার্ড বিতরণ শেষ, এখন চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে চাল বিতরণের তারিখ দেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল করলে তিনি ধরেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত