দুই বিড়ালছানা উদ্ধারে শ্বাসরুদ্ধকর অভিযান

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:১৪ এএম

দুটি ভবনের মাঝখানের সরু চিপায় আটকা পড়েছে দুটি বিড়ালছানা। দুদিনব্যাপী স্থানীয়দের শতপ্রচেষ্টায়ও তাদের উদ্ধার করা সম্ভব না হওয়ায় খবর দেওয়া হলো ফায়ার সার্ভিসকর্মীদের। এরপর একটি ভবনের দেয়াল কেটে একে একে জীবিত অবস্থায় বের করা হয় বিড়ালছানা দুটিকে। ঘটনাটি ঘটেছে বরগুনা পৌরশহরের কলেজ রোড এলাকায়। গতকাল রবিবার দুপুরে বিড়ালছানা দুটিকে উদ্ধার করেন বরগুনা ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ রোড এলাকার ডক্টরস কেয়ার ক্লিনিকের সামনে পাশাপাশি দুটি ভবনের মাঝে আটকে পড়ে দুটি বিড়ালছানা। গতকাল সন্ধ্যায় বিষয়টি এক ভাড়াটিয়ার নজরে আসে। দুই ভবনের মাঝে মাত্র ২-৩ ইঞ্চি জায়গা থাকায় বহুবার চেষ্টা করেও ছানা দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। জানতে পেরে বন্যপ্রাণী ও প্রকৃতির কথা সংগঠনের বরগুনার সমন্বয়ক হোসনেয়ারা ছবি এ বিষয়ে রাতে ফেসবুকে পোস্ট করেন। গতকাল হোসনেয়ারাসহ অ্যানিমেল লাভারস বরগুনার কয়েকজন বিড়ালছানা দুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে জানালে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে পৌঁছে একটি ভবনের দেয়াল কেটে বিড়ালছানা দুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়।

বরগুনা ফায়ার সার্ভিসের টিম লিডার রুহুল আমিন বলেন, ‘দেয়াল কেটে ছানা দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত