নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবি পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি মূল্যবান মূর্তি উদ্ধার করেছে।
গতকাল রবিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বড়শশী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রহমতুল কবিরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭৪/২-এস থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়শশী এলাকার বলরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। সেখানে একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে ১২ কেজি ওজনের বিষ্ণুমূর্তি, সাড়ে ৯ কেজি ওজনের একটি বুদ্ধমূর্তি এবং তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, চোরাচালান চক্র মূর্তিগুলো পাচারের চেষ্টা করে বিজিবির নজরদারিতে ব্যর্থ হয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
