গোবরে পা লাগায় হাসাহাসি, সংঘর্ষে আহত ২০

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৪:৪৬ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় ২০/৩০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। লুটপাট করা হয় বেশ কয়েকটি দোকানে।

রবিবার (৯ এপ্রিল) রাতে শহরের পঞ্চবটি বউবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব শহর ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইট-পাটকেলের আঘাতে সহকারি উপপরিদর্শক হাছান আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে পঞ্চবটি বউবাজার এলাকায় রাস্তায় থাকা গোবরে পা লাগে কাউসার মিয়ার ছেলে সজিবের। এটি দেখে হাসাহাসি করেন একই এলাকার সৌদি প্রবাসী মামুন মিয়ার ছেলে নোবেল। এ নিয়ে দুজনের মাঝে বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয়। পরে স্থানীয়রা সেটি মীমাংসা করে দেন।

কিন্তু এই খবর উভয়ের বাড়িতে পৌঁছালে বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের সমর্থকদের ২০/৩০টিরও বেশি বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। লুটপাট করা হয় বেশ কয়েকটি দোকানে।

ভৈরব শহর ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। প্রায় দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষ চলে। এ সময় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটে।

তিনি জানান, স্থানীয় পৌর কাউন্সিলের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত