হঠাৎ ভারত-বন্দনায় ইউক্রেন

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১০:৩৮ পিএম

ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের বিরুদ্ধে পশ্চিমের পথে হাঁটেনি ভারত। আবার আন্তর্জাতিক আসরে রাশিয়ার প্রতি যুদ্ধবন্ধের আহ্বানও জানিয়েছে এশিয়ার অন্যতম শক্তি ভারত। ভারসাম্যের ভারতে এবার আশা নিয়ে এলেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী এমিন জাপারোভা। তার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল বুধবার জানায়, চিঠিটি জাপারোভা ভারতের উপ-পররাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখির হাতে তুলে দেন। চিঠিতে ওষুধসহ চিকিৎসা-সংক্রান্ত সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানান জেলেনস্কি। কিয়েভের জন্য মানবিক সহায়তাই নয়, রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের অবকাঠামো নতুন করে পুনর্গঠনের জন্য ভারতীয় বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।  আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে জেলেনস্কির অংশগ্রহণের কথা রয়েছে। তবে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে শুধু চিঠিতেই নয়, সফররত জাপারোভা নিজেও ভারতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার কথা সরাসরি বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে ভারত সম্পর্কে জাপারোভার মনোভাব তুলে ধরেছে। যেখানে জাপারোভা বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের জি-২০ সম্মেলনের মূলমন্ত্র হিসেবে “এক পৃথিবী, এক পরিবার একই ভবিষ্যৎ”-এর কথা বলেছেন। এ কথা একেবারে সঠিক। কারণ সবকিছুই আন্তঃসম্পর্কীয়, তাই আমরা চাই ভারত বড় ভূমিকা রাখুক।’

ইউক্রেনের অবস্থানের সঙ্গে ঔপনিবেশিক শাসনে থাকা ভারতের মিল টেনে এনেছেন দিল্লি সফরে আসা এই ইউক্রেনীয় মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদেরও ভাষাসহ নানা দিকে শোষণ করেছে রাশিয়া, যা থেকে আমরা প্রকৃত স্বাধীনতার লড়াই করছি। আরেক দিক দিয়ে ভারতের সঙ্গে আমাদের মিল আছে, তা হলো আমরাও মহাত্মা গান্ধীর মতো অহিংস পথে বিশ্বাসী, শান্তির জন্য লড়াইতেও এটা আমাদের প্রেরণা। আসলে ভারতকে আমরা বলি “বিশ্ব-গুরু”, কারণ ভারত মূল্যবোধের ভিত্তিতে চলে, ইউক্রেনও নীতি-মূল্যবোধের ভিত্তিতেই চলে।’ জেলেনস্কির চিঠির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা আশা করি দুদেশের নেতার ফোনালাপ হবে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষা সচিব অজিত দোভালকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত