জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে তিনি অক্ষত আছেন। এতে কোনো হতাহতের ঘটনা জানা যায়নি। এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার জাপানের পশ্চিমাঞ্চলের ওয়াকায়ামায় এ ঘটনা ঘটে। সেখানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য শুরু হওয়ার কিছুক্ষণ পরই এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী কথা বলা শুরু করার পরই হঠাৎ ভিড়ের মধ্য থেকে কিছু একটা ছুড়ে দেওয়া হয় তার দিকে। রুপালি পাইপ আকারের বোমাসদৃশ সেই বস্তু থেকে ব্যাপক ধোঁয়াও বের হতে দেখা যায়। অনেকে ওই সময় বিস্ফোরণের আওয়াজ শুনেছেন বলেও জানান। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের কথা নিশ্চিত করলেও এ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি জাপান পুলিশ।
