নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমসংক্রান্ত বিরোধে মেহেদী হাসান সজীব (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীকে স্কুল ক্যাম্পাস থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ হত্যাকা-ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সময় রিপতি, অনিক, শিমুল নামের আরও তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান সজীব ভুলতা স্কুল অ্যান্ড কলেজ থেকে আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রেমসংক্রান্ত বিষয় নিয়ে গতকাল শনিবার দুপুরে স্কুলেরই কয়েকজন যুবক মেহেদিকে স্কুলের ভেতর থেকে ডেকে বাইরে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।
ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটবে কল্পনাও করিনি।
অপরদিকে, মসজিদের টাকা সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের জুড়ীতে দুপক্ষের সংঘর্ষে জলিল মিয়া (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জলিল মিয়া ওই গ্রামের মৃত ছখাত মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চাটেরা জামে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের জলিল মিয়া ও ইয়াছিন মিয়া গংদের বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ২০ হাজার টাকার হিসাব নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ইফতারের পর জলিল মিয়াকে তার বাড়ির সামনের রাস্তায় ইয়াছিন মিয়া ও তার ভাতিজা তারেকুল ইসলাম তারা মিয়াসহ একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র দিয়ে কোপায়। জলিল মিয়ার চিৎকারে তার ছেলে রনি মিয়া, শাহিদ মিয়া ও ভাগিনা সাঈদ আহমদ ঘটনাস্থলে ছুটে এলে তাদেরও ধারালো দা দিয়ে কোপানো হয়।
