ইরানে কেউ নারীদের হিজাব ছাড়তে উদ্বুদ্ধ করলে ফৌজদারি আদালতে তার বিচার করা হবে। বিচারে রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ রাখা হবে না। এক বিবৃতিতে গত শনিবার এ কথা জানান ইরানের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলি জামাদি। তিনি বলেন, ‘যারা স্বেচ্ছায় পোশাক বিধিমালা লঙ্ঘন করবেন, তাদের তুলনায় ইন্ধনদাতারা বেশি অপরাধী। তাদের আদালতের মুখোমুখি করা হবে। আদালত যে শাস্তি নির্ধারণ করবে, সেটাই হবে চূড়ান্ত রায়।’ দেশটিতে হিজাব পরা বাধ্যতামূলক। তবে সম্প্রতি কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর দেশটির পোশাকবিধির বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হয়ে উঠেছেন অনেকে। দেশটির জনসমাগমস্থলে হিজাব ছাড়াই চলাফেরা করছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী, এ সংখ্যা বাড়ছেই। এরই পরিপ্রেক্ষিতে এমন কঠোর সিদ্ধান্ত জানাল দেশটির সরকার।
