নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ এনে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উত্তরা মোড় এলাকার ওই সড়কের কাজ বন্ধ করে দেন তিনি।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ করে দেন বলে জানিয়েছেন ওই চেয়ারম্যান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তরা মোড় থেকে আন্দি গ্রামের পুকুরপাড় পর্যন্ত ২ দশমিক ৮ কিলোমিটার পাকা সড়কের সংস্কার কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারি মাসে। এক কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের এ কাজটি পান টাঙ্গাইল শহরের মোল্লা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি কিনে বাস্তবায়ন করছেন মেসার্স হাসিব এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি শুরুর পর থেকেই কাজের মান নিয়ে এলাকাবাসী সন্তুষ্ট ছিলেন না। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় বিষয়টি বারবার ঠিকাদারকে জানালেও তিনি তোয়াক্কা করেননি। পরে আমরা উপজেলা চেয়ারম্যানকে জানালে তিনি সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন।
এলজিইডির উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আব্দুল জলিল বলেন, কাজটি যাতে ভালো হয় সেজন্য আমরা সব সময় তদারকি করছি।
অভিযোগের বিষয়ে হাসিব এন্টারপ্রাইজের মালিক মো. বাদল মিয়া বলেন, আগের ঠিকাদার কাজটি করতে চায়নি। এলাকার উন্নয়নের স্বার্থে সংসদ সদস্যের অনুরোধে কাজটি আমি করছি। আগে নির্মাণসামগ্রীর দাম কম ছিল, এখন দাম বেড়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল বলেন, ঠিকাদার সঠিক নিয়মে কাজ করার প্রতিশ্রুতি দিলে আবার কাজ করার অনুমতি দেওয়া হবে।
