নাটোরের লালপুর উপজেলায় ১২২টি গুলি, ২টি একনলা বন্দুক, ১টি রাইফেল এবং ১টি শটগান উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়ামের সামনে থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইফুর রহমান।
পুলিশ সুপার জানান, সোমবার রাত পৌনে ৩টার দিকে একটি মোটরসাইকেল লালপুর উপজেলার বিলমাড়িয়া চর থেকে বিলমাড়িয়া স্টেডিয়ামের দিকে আসছিল। স্টেডিয়ামের কাছে পুলিশের চেকপোস্টে মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে অজ্ঞাতনামা তিনজন একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং এসব অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ এগুলো উদ্ধার করে। তিনি আরও জানান, এ বিষয়ে লালপুর থানায় মামলা হয়েছে।
