অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে হত্যা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১১:১৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে অটোরিকশার চালককে হত্যা করা হয়েছে। এ ছাড়া, জামালপুরে নববধূর ও চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। এ দুজনকেও খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অটোরিকশা ছিনতাই করতে না পেরে মোবারক ইসলাম (৫৫) নামের এক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পুবেরগাঁও এলাকার স্বর্ণখালী বাজার-ভোলাবো সড়কে (মানিকের সড়ক) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোবারক ইসলাম পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার দুপ্তরা ইউনিয়নের মাওনা বড়বাড়ি এলাকার মৃত তাহের আলীর ছেলে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গোলাকান্দাইল থেকে অটোরিকশা নিয়ে ভোলাবোর দিকে যাচ্ছিলেন চালক। একদল দুর্বৃত্ত অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালক মোবারক ইসলামকে জবাই করে হত্যা করে পালিয়ে গেছে।

জামালপুর : বিয়ের আড়াই মাসের মাথায় জামালপুর সদর উপজেলায় তাহমিনা জান্নাত (২২) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‘নির্যাতনের পর হত্যা’র অভিযোগে শাশুড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুরে পুলিশ লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তাহমিনা জান্নাত সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার উজ্জ্বল মাহমুদের স্ত্রী। উজ্জ্বল মাহমুদ আনসার সদস্য। নির্যাতের ঘটনাটি গত মঙ্গলবার রাত ১টার দিকে স্বামীর বাড়িতে ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুই মাস ১৭ দিন আগে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে তাহমিনা জান্নাতের সঙ্গে উজ্জ্বল মাহমুদের বিয়ে হয়। অল্প সময়ের মধ্যে ওই নববধূ গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাচ্চাটি নষ্ট করতে ওই নববধূকে চাপ দিচ্ছিল। গত মঙ্গলবার এসব বিষয় নিয়ে তাকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণশহরে সাঁতালপাড়া এলাকার ধানক্ষেত থেকে পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে সাঁতালপাড়ার একটি ধানক্ষেতে ২৮ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত