যাত্রীর ফেলে যাওয়া পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন চালক

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১১:২০ পিএম

প্রভিডেন্ট ফান্ড থেকে নেওয়া ঋণ আর বেতন-বোনাসের প্রায় পৌনে চার লাখ টাকা নিয়ে নীলফামারীর সৈয়দপুরের নিজ বাড়িতে ফিরছিলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী। কিন্তু তিনি তার বাড়িতে প্রবেশের আগে টাকার ব্যাগ রেখেই অটোরিকশা থেকে নেমে যান। অটোরিকশাচালক মো. ছটু কিছুদূর যাওয়ার পর টের পান তার অটোরিকশায় কেউ ব্যাগ ফেলে গেছেন। পরে ব্যাগটি খুলে দেখেন ভেতরে অনেক টাকা। এরপরই ছটু গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুরের বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি ও পুলিশের সহযোগিতা নিয়ে কাইয়ুম চৌধুরীর কাছে টাকাসহ ব্যাগটি ফিরিয়ে দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী সৈয়দপুর উপজেলা শহরের নিয়ামতপুর সরকারপাড়ার বাসিন্দা। অটোরিকশাচালক মো. ছটু সৈয়দপুর শহরের তামান্না মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ পরিদর্শক আবু নাহিদ পারভেজ চৌধুরী বলেন, অটোরিকশাচালক ছটুর সততা সত্যিই প্রশংসনীয়। তার এ সততা দৃষ্টান্ত হয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত