নড়িয়ায় তরুণ তরুণীকে শেকলে বেঁধে নির্যাতন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১১:২২ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় পরকীয়ার অভিযোগ এনে তরুণ ও তরুণীকে শেকলে বেঁধে নির্যাতন করেছেন কয়েকজন তরুণ।

উপজেলার ঘড়িসার ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। তাদের আটকে রেখে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে, ভুক্তভোগী তরুণীর দাবি, ওই যুবক তার খালাতো ভাই। তাকে টাকা দিতে এসেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ওই তরুণীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক তরুণীর স্বামী মালয়েশিয়া প্রবাসী। আটক যুবকের বাড়ি পার্শ্ববর্তী ডিঙ্গামানিক ইউনিয়নে।

আটক তরুণীর দেবর বলেন, ভাবির কাছে একটা ছেলে এসেছে। লোকজন তাদের আটক করে রেখেছে। আমি থানায় এসেছি পুলিশকে জানাতে।

শিকলবন্দি তরুণী বলেন, তাদের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ মিথ্যা। ওই যুবক তার খালাতো ভাই। তাকে পাওনা টাকা দিতে এসেছিলেন। এ সময় স্থানীয় রবিন, নাজমুল, মফিজ শিকদারসহ কয়েকজন তার ঘরে ঢুকে ভাঙচুর করে। তাদের আটক করে শিকলবন্দি করে রাখে। পাশাপাশি তারা মিথ্যা অভিযোগ এনে মারধর করেছে।

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত