ভিজিডির চাল গোপনে বিক্রি করে পালালেন ইউপি সচিব

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৯:৫৫ পিএম

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার অলোয়া ইউ‌নিয়নের হতদ‌রিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ‌্যবান্ধব কর্মসূচির (‌ভি‌জি‌ডি) চাল গোপনে বি‌ক্রি করে ইউপি স‌চিব শেখ ফ‌রিদ পা‌লিয়ে গেছেন।

বৃহস্প‌তিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চাল বি‌ক্রির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১৩-১৪ এপ্রিল তারিখে অনিয়মের মাধ্যমে ভিজিডির চাল বিতরণ করার পর গোডাউনে থেকে যাওয়া চালের বস্তাগুলো বৃহস্পতিবার বিক্রি করার সময় বিষয়টি তাদের নজরে আসে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সচিব শেখ ফরিদ সুশীল নামের এক গ্রাম পু‌লিশের উপস্থিতিতে স্থানীয় কালোবাজারি আজাদের কাছে ভ্যানভর্তি চালের বস্তা বের করে দেন। পরে পরিষদ সংলগ্ন এক ওষুধের দোকানে নিয়ে চালের সরকারি পাটের বস্তা বদলে প্লাস্টিকের বস্তায় ভরা হয়। বিষয়‌টি উপজেলা প্রশাসনকে জানানোর পর তার আসার আগেই স‌চিব ফরিদ ও কালোবাজারি আজাদ পা‌লিয়ে যায়। অভিযানে বি‌ক্রি করা চাল জব্দ হয়।

গ্রাম পু‌লিশ সুশীল জানান, বা‌ড়িতে ছিলাম। স‌চিব ফোন করে প‌রিষদে আসতে বলেন এবং খা‌লি বস্তাগুলো গুনতে বলেন। প‌রিষদে গি‌য়ে দে‌খি আজাদ ভ‌্যান গা‌ড়িতে চাল তুলছেন। পরে আর কিছু জা‌নি না। আজাদ মাঝেমধ্যেই প‌রিষদ থেকে এভাবে চাল নেয়।

এ বিষয়ে অলোয়া ইউ‌নিয়ন প‌রিষদের স‌চিব শেখ ফ‌রিদের বক্ত‌ব্য জানতে মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়‌নি।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম র‌ফিক বলেন, কয়েক‌দিন আগে ভি‌জি‌ডির চাল বিতরণ করা হয়। এ সময় কয়েকজন না আসায় চালগু‌লো গোডাউনে রাখা হয়। সকালে খবর পেয়ে প‌রিষদের গুদামের তালা ভেঙে দে‌খি চালের বস্তাগুলো নেই। এছাড়া স‌চিবকেও প‌রিষদে পাওয়া যায়‌নি। পরে ইউএনওর উপ‌স্থি‌তিতে আজাদ মিয়ার দোকান থেকে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, চাল উদ্ধারের ঘটনায় তিন সদস্যের কমিটি করা হয়েছে। ওই ইউপি স‌চিবের বিরুদ্ধে ব‌্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত