ফরিদপুরের নগরকান্দায় মনিরা বেগম (২৭) নামের এক নারী শ্রমিকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার তালমা ইউনিয়নের (ঢাকা-বরিশাল মহাসড়ক) মানিকনগর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তালমা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য শাহাজাহান শেখ জানান, মানিকনগর ব্রিজের পাশে মনিরা বেগম নামের এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া গেছে। তিনি নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের ইজিবাইক চালক সাহেব আলীর স্ত্রী। তিনি বাখুন্ডা করিম জুট মিলের শ্রমিক ও বাখুন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বামীর সঙ্গে থাকতেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে মানিকনগর ব্রিজের পাশে এক নারীর ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় নারী শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। খুব দ্রুতই এর আসল ঘটনা জানা যাবে।
