বরগুনার আমতলীতে এক গার্মেন্ট কর্মী গৃহবধূকে (২২) নির্যাতন করে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। নেশার টাকা না পাওয়ায় গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে শ^শুরবাড়িতে স্বামী রিয়াজ আকন এ ঘটনা ঘটান। গুরুতর অবস্থায় স্বজনরা ওই গৃহবধূকে উদ্ধার করে ভর্তি করেছেন আমতলী হাসপাতালে।
জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের ওই নারীর সঙ্গে একই ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের আমিরুল আকনের ছেলে রিয়াজ আকনের সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয়। বিয়ের পরে স্ত্রী দেখেন স্বামী রিয়াজ নেশাগ্রস্ত। প্রায়ই নেশা করে ঘরে এসে স্ত্রীকে নির্যাতন করেন। সংসারের অভাব দূর করার জন্য ২০২২ সালে ওই গৃহবধূ ঢাকার কেরানীগঞ্জের একটি গার্মেন্টে চাকরি নেন। ইদুল ফিতরের দুদিন আগে তিনি ছুটি নিয়ে বাড়ি এসে পর দিন শুক্রবার স্বামী-সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। পরে গত রবিবার রাতে স্বামী রিয়াজুল স্ত্রীর কাছে ২০ হাজার দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে মুখে কাপড় গুঁজে দিয়ে গলায় রড ঠেকিয়ে হত্যার চেষ্টা চালান।
তবে, রিয়াজ টাকা চাওয়ার কথা অস্বীকার করে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করেছেন বলে দাবি করেন।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমতলী হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
