নরওয়েতে বিধ্বস্ত সুইডেনের রকেট

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১০:৩১ পিএম

সুইডেনের উৎক্ষেপণ করা একটি গবেষণা রকেট দুর্ঘটনাবশত পড়েছে প্রতিবেশী দেশ নরওয়ের ভূখণ্ডে। কিন্তু বিষয়টি আনুষ্ঠানিকভাবে না জানানোয় সুইডেনের ওপর ক্ষোভ প্রকাশ করেছে নরওয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সুইডেনের উত্তরাঞ্চলীয় এসরেঞ্জ স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় সোমবার ভোরে ওই রকেটটি উৎক্ষেপণ করে সুইডেন স্পেস করপোরেশন (এসএসসি)। তবে উৎক্ষেপণের পর একপর্যায়ে গবেষণা রকেটটি বিকল হয়ে পড়ে এবং প্রতিবেশী নরওয়ের ১৫ কিলোমিটার (৯.৩২ মাইল) ভেতরে পাহাড়ি অঞ্চলে আঘাত হানে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ই-মেইলে বলেছেন, ‘সীমান্তের পাশে যেকোনো অননুমোদিত কার্যকলাপকে খুব গুরুত্বসহকারে নিয়ে থাকে নরওয়েজিয়ান কর্র্তৃপক্ষ।’ তিনি আরও বলেন, ‘সুইডিশ কর্র্তৃপক্ষের কাছ থেকে রকেট সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নোটিস পায়নি নরওয়েজিয়ান সরকার। এ ছাড়া নরওয়ের ভূখণ্ডে রকেটের উদ্ধারকাজ করার জন্যও পূর্ব সম্মতি প্রয়োজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত