৫ সিটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী বরিশালে ফয়জুল

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০২:০৬ এএম

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইতিমধ্যে ৪টি সিটি করপোরেশনে দলটি তাদের প্রার্থীর নাম ঘোষণা করলেও বাকি ছিল বরিশাল। সেটি আজ বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে ঘোষণা করা হবে।

বরিশালে এবার দলটি নতুন প্রার্থী দেবে, এটা নিশ্চিত বলে জানা গেছে। কেননা, ২০১৮ সালের প্রার্থী অসুস্থ। তিনি এবার নির্বাচন করছেন না। প্রার্থী হিসেবে এবার চরমোনাই পীরের দুই ছেলের একজনকে মনোনয়ন দেওয়া হবে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমই মনোনয়ন পাচ্ছেন বলে সূত্র নিশ্চিত করেছে। তার প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা ছিলেন দলের বরিশাল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। তারা দুজনই প্রয়াত চরমোনাই পীরের ছেলে এবং বর্তমান পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ভাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাঁটি হিসেবে বরিশালকে ধরা হয়। সেখানে শক্ত প্রার্থীর নাম ঘোষণা করা নিয়ে ইতিমধ্যে কয়েক দফা সময় দিয়েও পরে তা বাতিল করা হয়। গতকাল বুধবার পুনরায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আজ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। জানা গেছে, গত কয়েকদিন ধরে কয়েক দফা বৈঠক করে দলটির শুরা বোর্ড।

সূত্রগুলো বলছে, সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের চরমোনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। মেয়র নির্বাচনকে লক্ষ্যে রেখে তাকে দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন দেওয়া হয় তার আরেক ভাই সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করিমকে। তিনি বর্তমানে ওই ইউপির চেয়ারম্যান। তাই বরিশাল সিটিতে প্রার্থী হওয়া নিয়ে তিনি বেঁকে বসেছিলেন। নানান আলোচনা শেষে পরে তাকে বোঝানো হলে তিনি তার ভাই সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের প্রার্থী হওয়ার বিষয়ে সম্মতি দিতে রাজি হন।

২০১৮ সালের নির্বাচনে বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মাওলানা উবাইদুর রহমান। তিনি অসুস্থ হওয়ায় নির্বাচনে অংশ নেবেন না।

বরিশালে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোট হবে ১২ জুন।

এর আগে গাজীপুরে ইসলামী আন্দোলনে মেয়র প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া খুলনায় দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল আউয়াল, সিলেটে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বে) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও রাজশাহীতে মহানগর শাখার সহসভাপতি হাফেজ মাওলানা মোরশেদ আলমকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়।

জানতে চাইলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির দেশ রূপান্তরকে বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি দুঃশাসনমুক্ত নগর গড়তে যেসব প্রার্থী কাজ করতে পারবেন তাদেরই ইসলামী আন্দোলন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত