ছিনতাইয়ের টাকায় কক্সবাজারে প্রমোদ ভ্রমণ, গ্রেপ্তার ৩

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৮:৪৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান এলাকায় ২৪ এপ্রিল রাতে ছিনতাইকারীর কবলে পড়েন দুই জাপানি পর্যটক। তাদের কাছ থেকে দেড় লাখ জাপানি ইয়েন, ২৮ হাজার বাংলাদেশি টাকা, দুটি আইফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন: মো. খায়রুল ইসলাম স্বপন, জিহাদুল ইসলাম মামুন ও মো. আবু রাসেল প্রত্যয়। এ সময় তাদের কাছ থেকে খোয়া যাওয়া কিছু মালামালও উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর ছিনতাইকারীরা প্রমোদ ভ্রমণে কক্সবাজার চলে যায়। কক্সবাজার ভ্রমণ শেষে সীতাকুণ্ড জলপ্রপাত দেখতে যায় তারা। সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশের টিম।

গতকাল শুক্রবার বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, জাপানি ওই দুই নাগরিক ২১ এপ্রিল বাংলাদেশে আসেন। ২৪ এপ্রিল রাজধানীর শুক্রাবাদ এলাকার হোটেল নন্দিনীতে ওঠেন। সেদিন রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ও সংলগ্ন কবরস্থানে ঘুরতে আসেন। রাত ৯টার দিকে জাপানি দুই নাগরিক কবরস্থান থেকে বের হতে চাইলে অজ্ঞাত তিন যুবক তাদের মিসগাইড করে কবরস্থানের ভেতরের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের ভয়ভীতি দেখিয়ে পাসপোর্ট, এক লাখ ৫৩ হাজার ৮০০ জাপানি ইয়েন, ২৮ হাজার বাংলাদেশি টাকা, দুটি আইফোন, দুটি ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লু-টুথ ছিনিয়ে নেয়।

জাপানি নাগরিকরা ভয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তারা কাউকে কিছু না জানিয়ে হোটেলে চলে যান। পরদিন হোটেল ম্যানেজারকে বিষয়টি জানান। হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি জানতে পারে। পরে এ ঘটনায় মামলা রুজু হয়।

ডিসি আরও বলেন, ঘটনাস্থল কবরস্থানের গেট ও আশপাশে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তির সহায়তা ও সোর্সের মাধ্যমে দ্রুততম সময়ে ঘটনায় জড়িত চক্রটিকে শনাক্ত করে।

২৭ এপ্রিল মোহাম্মদপুর থানাধীন বোটঘাট এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মো. খায়রুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করে। স্বপনের দেওয়া তথ্যমতে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার শুটকির আড়তের পেছনে কবরস্থানের দেয়াল সংলগ্ন মাঠ থেকে লুণ্ঠিত জাপানি নাগরিকের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড, দুটি ক্রেডিট কার্ড ও একটি পাসপোর্ট ছেঁড়া অবস্থায় উদ্ধার করা হয়।

ডিসি আজিমুল হক বলেন, মোহাম্মদপুর থানার আরেকটি টিম অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড থানা এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত আসামি জিহাদুল ইসলাম মামুন ও মো. আবু রাসেল প্রত্যয়কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি আইফোন, ৩০ হাজার জাপানি ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লু-টুথ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জিহাদুল ইসলাম মামুন ও মো. আবু রাসেল প্রত্যয় ছিনতাইয়ের পর ৯০ হাজার জাপানি ইয়েন ও অন্যান্য মালামালসহ প্রমোদ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার চলে যান। কক্সবাজার যাওয়ার পর তারা কিছু ইয়েন ভাঙিয়ে খরচও করেন। তারা কক্সবাজার ভ্রমণ শেষে সীতাকুণ্ড জলপ্রপাত দেখার উদ্দেশ্যে রওনা করেন। সীতাকুণ্ড পৌঁছালে মোহাম্মদপুর থানার একটি টিম তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবু রাসেল প্রত্যয়ের বিরুদ্ধে একটি দ্রুত বিচার আইনের মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত