বাংলাদেশের ঋতুরাজের বিশ্বরেকর্ড

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৯:৫০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল জনপ্রিয় ‘বাপ কা বেটা’র বেটা ঋতুরাজ এবার নাম লেখাল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বহুমুখী প্রতিভার অধিকারী ঋতুরাজকে সামাজিক মাধ্যমের অনুসারীরা তার বাবা সৌভিক ভৌমিকের সঙ্গে গান গাইতেই দেখে অভ্যস্ত। কিন্তু শিশু ঋতুরাজ লেখালেখিতেও সমান দক্ষ। আর এই লেখার বদৌলতেই গিনেস বুকে স্থান পেল ৯ বছর বয়সী এই বাংলাদেশি শিশু প্রতিভা।

ঋতুরাজ ২০২২ সালে ‘গুড উইল ফ্যাক্টরি’ নামে একটা ইংরেজি গল্পের বই প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হয় ‘গুড উইল ফ্যাক্টরি ২’। আর তাতেই সে বনে যায় বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সিরিজ লেখক। এরই স্বীকৃতিস্বরূপ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার।

গত ২০ এপ্রিল ঋতুরাজ ভৌমিকের বাবা সৌভিক ভৌমিক এক ফেসবুক পোস্টে এ খবর জানান। পোস্টে সৌভিক ভৌমিক লেখেন, “কীভাবে উচ্ছ্বাস প্রকাশ করব আমার জানা নেই। ... অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ঋতুরাজের নাম ‘পৃথিবীর কনিষ্ঠতম সিরিজ বই’ লেখক হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে।”

তিনি আরও লিখেছেন, ‘নিজের ছেলের নাম এবং তার পাশে দেশের নামকে বিশ্বদরবারে দেখতে পেয়ে, আমার মনে হচ্ছে, এ পৃথিবীতে আমার আসলে চাওয়ার আর খুব একটা কিছু নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত