গাজীর কাছে ৭ উইকেটের পরাজয় জামালের

আপডেট : ০১ মে ২০২৩, ০৫:৫০ পিএম

ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবারও তারা উড়ছিল। তবে টেনে মাটিতে নামাল খর্বশক্তির দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। শক্তির বিচারে এগিয়ে থাকা শেখ জামালকে ৭ উইকেটে পরাজিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ফতুল্লায় টস হেরে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের শেখ জামাল। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে। দুই অঙ্কের ঘরে কেবল পৌছাতে পেরেছেন ফজলে মাহমুদ রাব্বি (২০) ও সৈকত আলী (১৯)। অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১১ বলে এক বাউন্ডারিতে ৮ রান।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট দখল নেন জয়নুল ইসলাম। তিনটি উইকেট শিকার করেন টিপু সুলতান। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মাহমুদুল হাসান ও মহিউদ্দিন তারেক।

৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে তেমন পরীক্ষায় পড়তে হয়নি গাজী গ্রুপকে। দলীয় ২৬ রানে হাবিবুর রহমান সোহানের প্রথম উইকেট উইকেট হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১১ বলে ৩ চারে ১৩ রান করেন হাবিবুর সোহান। দলীয় ৪৩ রানে ফরহাদ হোসেনকে (৯ বলে ১৩) হারালেও মেহেদী মারুফের ৫৫ বলে ৮ চারে ৪৫ রানের ইনিংস জয়ের ভিত গড়ে দেয় দলকে।

জয়ের কাছাকাছি এসে মেহেদী মারুফে বিদায় নিলেও আসাদুল্লাহ গালিব ও মাহমুদুল হাসান জুটিতে জয় পায় গাজী গ্রুপ। মাত্র ১৫.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় গাজী গ্রুপ।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ২টি উইকেট নেন । আর ১টি উইকেট নেন ভারতীয় পারভেজ রসুল। ৮.২ ওভার বল করে এক মেডেনসহ মাত্র ২৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন গাজী গ্রুপের জয়নুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত