আপনার জিজ্ঞাসা

আপডেট : ০৩ মে ২০২৩, ১১:০৮ পিএম

ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হওয়া

মুহাম্মদ আবু হানিফা, মৌচাক, ঢাকা

প্রশ্ন : একজন রমজানের শেষ দশ দিন ইতিকাফ করেছিলেন। তিন দিন পর তিনি অজু-ইস্তেঞ্জার প্রয়োজন ছাড়া শুধু সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হন এবং মসজিদের অজুখানায় গোসল করেন। এভাবে ইতিকাফ অবস্থায় সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ আছে কি?

উত্তর : রমজান মাসের শেষ দশ দিনের ইতিকাফ অবস্থায় সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ নেই। বের হলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি সাধারণ গোসলের জন্য বের হওয়ার কারণে তার সুন্নত ইতিকাফ নষ্ট হয়ে গেছে। যেদিন গোসলের জন্য বের হয়েছেন ওই দিনের ইতিকাফ কাজা করে নেওয়া জরুরি। আর এই ইতিকাফটি নফল ইতিকাফ হিসেবে গণ্য হবে। -ফাতাওয়া হিন্দিয়া : ১/২১২

রোজা অবস্থায় নাকে-মুখে ধুলা-বালু প্রবেশ করলে

মো. রফিকুল ইসলাম, সিঙ্গাইর, মানিকগঞ্জ

প্রশ্ন : আমি একজন শ্রমিক। ইট ভাঙার কাজ করি। বছরের অন্যান্য সময়ের মতো রমজান মাসেও কাজ করতে হয়। কাজ করার সময় মুখে কাপড় বেঁধে রাখি। তারপরও কিছু ধুলা নাকে-মুখে চলে যায়। এমতাবস্থায় ইটের ধুলা নাকে-মুখে প্রবেশ করার কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হবে?

উত্তর : নাকে-মুখে ধুলা-বালু প্রবেশের কারণে রোজার কোনো ক্ষতি হয় না। সুতরাং ইট ভাঙার কাজ করতে গিয়ে নাকে-মুখে ধুলা ঢুকলেও রোজার কোনো ক্ষতি হবে না। তাই আপনি রোজা রেখে ওই কাজ করতে পারেন। -বাদায়েউস সানায়ে : ২/২৩৮

×
সর্বশেষ সর্বাধিক পঠিত