মাস দেড়েক আগে রাহুল গান্ধীকে দুই বছরের জন্য জেলে পাঠানোর রায় দেওয়া সুরাট আদালতের সেই বিচারককে পদোন্নতি দিল গুজরাট সরকার। ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক থেকে সোজা রাজকোট অতিরিক্ত জেলা জজ পদে উন্নীত হলেন বিচারক এইচ এইচ শর্মা।
জানা গেছে, গুজরাট সরকার মোট ৬৮ জন বিচারকের বদলি এবং পদোন্নতির বিজ্ঞপ্তি দিয়েছে। এদের মধ্যে মোট পাঁচজনের পদন্নোতি হয়েছে। তাতেই বিচারক এইচ এইচ শর্মার নাম রয়েছে।
গত ২৩ মার্চ অপরাধমূলক মানহানির মামলায় রাহুলকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাটের নিম্ন আদালত। সেই সিদ্ধান্তের জেরে একদিন পরেই এমপি পদ হারাতে হয় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। আর তারপরই এমপি হিসেবে দিল্লিতে তিনি যে বাংলোটি পেয়েছিলেন, সেটাও ছেড়ে দিতে হয়েছে।
অবশ্য কংগ্রেস শুরু থেকেই বলে আসছে, রাহুলের মামলায় বিচার বিভাগকে প্রভাবিত করেছে বিজেপি। বিশেষজ্ঞমহলের একাংশেরও বক্তব্য ছিল, রাহুলের ক্ষেত্রে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে। সুরাটের ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের পদন্নোতি কংগ্রেসের সেই অভিযোগকে কিছুটা হলেও মান্যতা দিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
সূত্র : সংবাদ প্রতিদিন
