বর্জ্যপানে মারা যাওয়া গবাদিপশুর ক্ষতিপূরণ দাবি

আপডেট : ০৪ মে ২০২৩, ১০:০৫ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের নির্গত বিষাক্ত বর্জ্যপানে মারা যাওয়া গবাদিপশুগুলোর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকে এলাকার ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক ও জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন হয়।

এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে বক্তব্য দেন স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। তিনি বলেন, গত ৯ মার্চ ডিএপি সার কারখানার নির্গত বর্জ্যপানে বিষক্রিয়ায় এলাকার কৃষকদের ১২ গরু-মহিষ মারা যায়। এ সব গবাদিপশুর ক্ষতিপূরণের দাবি করা হলেও কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণে এখনো ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তরা। আগামী শনিবারের (আগামীকাল) মধ্যে ক্ষতিপূরণ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিলে কারখানায় কোনো কর্মকর্তাকে ঢুকতে দেওয়া হবে না।

একই সঙ্গে কারখানার শ্রমিকদের আউটসোর্সিং প্রক্রিয়ায় বেতন কাঠামো নির্ধারণ বন্ধের দাবিতে তৃতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা। ডিএপি সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল মারা যাওয়া গবাদিপশুর ক্ষতিপূরণের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত