চিকিৎসকের অবহেলার নবজাতকসহ মায়ের মৃত্যু

আপডেট : ০৫ মে ২০২৩, ০৯:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় সাহিদা আক্তার খুকি (২৩) নামের এক প্রসূতি মা ও তার নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাহিদা কসবা উপজেলার ধ্বজনগর গ্রামের কুয়েত প্রবাসী শাহীন মিয়ার স্ত্রী। স্বজনদের অভিযোগ, রক্তক্ষরণ বন্ধে এবং শিশুটির তাৎক্ষণিক সঠিক চিকিৎসা না দেওয়ায় তাদের মৃত্যু হয়।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে প্রসব ব্যথা উঠলে সাহিদাকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের মিড ওয়াইফ আমেনা আক্তার সুমনার তত্ত্বাবধানে বেলা ১১টার দিকে একটি পুত্র সন্তানের জন্ম দেন সাহিদা আক্তার। সন্তান প্রসবের পর সাহিদার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং নবজাতকের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়।

কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তাফা এবং মিড ওয়াইফ আমেনা আক্তার তখন প্রসূতি সাহিদা আক্তার এবং নবজাতককে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বেলা ১২টার দিকে নিহতের স্বজনরা ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তখন সাহিদা ও নবজাতককে মৃত ঘোষণা করে। পরে তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাদের মৃত ঘোষণা করা হয়।

সাহিদার বড় বোন মাহমুদা বেগম অভিযোগ করেন, চিকিৎসার অভাবে সাহিদা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, কোন চিকিৎসক এবং নার্সের কর্তব্যের অবহেলার জন্য যদি প্রসূতি ও তার সন্তানের মৃত্যু হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত